কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: পাহাড় ও বন রক্ষায় গুরুত্বারোপ
"প্রকৃতি থেকে অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য।"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন) সকালে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ‘চলমান’ কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ঐতিহ্যবাহী ঢাক-ঢোল বাজিয়ে র্যালিটি চট্টগ্রাম-কাপ্তাই প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ‘কিন্নরী হল’-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খেয়াং-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ এবং কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রায়হানুল ইসলাম বলেন, "জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে বাঁচতে হলে আমাদের পাহাড় ও বনাঞ্চল রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে প্রশাসন, স্থানীয় জনগোষ্ঠী ও বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে।"
সভাপতির বক্তব্যে ডা. প্রবীর খেয়াং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জন এবং অন্তত একটি করে গাছ লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মারমা।




Comments