Image description

রংপুরের পীরগাছায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো; নজর মাহমুদ এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই ভাই-বোন একসঙ্গে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘক্ষণ তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। তবে পানি থেকে তোলার আগেই তাদের মৃত্যু হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই পরিবারের দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।