Image description

খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাটে সমীর ভট্ট (৪২) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায় তারা। 

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কেটলা স্লুইসগেট সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত সমীর কেটলা গ্রামের রবিন ভট্টের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সমীর তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। কেটলা এলাকায় সাপ্তাহিক হাট থাকায় তিনি দুপুর থেকে বিভিন্ন স্থানে যাত্রী আনা-নেওয়া করছিলেন। কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে কেটলা স্লুইসগেট এলাকায় পৌঁছালে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আরেকজন ভ্যানচালক ওই পথ দিয়ে যাওয়ার সময় সমীরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি দ্রুত তাকে উদ্ধার করে কেটলা স্লুইসগেট এলাকার চিকিৎসক অনুপ ভট্টের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি, ভারপ্রাপ্ত) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মানবকণ্ঠ/ডিআর