কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ জনকে ৩ কোটি ১৭ লাখ টাকা সহায়তা
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসায় ৮৩ জনকে মোট ৩ কোটি ১৭ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কুষ্টিয়া সার্কেলের যৌথ আয়োজনে এ সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৮৩ জন ব্যক্তি ও তাদের পরিবারের মধ্যে সহায়তার চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ৫৫টি পরিবারের অনুকূলে দেওয়া হয় মোট ২ কোটি ৭৫ লাখ টাকা। প্রতিটি পরিবারকে দেওয়া হয় ৫ লাখ টাকা করে। এ ছাড়া দুর্ঘটনায় আহত ২৮ জনের চিকিৎসার জন্য দেওয়া হয় মোট ৪২ লাখ টাকা। নীতিমালা অনুযায়ী, অঙ্গহানি বা গুরুতর আহতদের ৩ লাখ টাকা এবং সামান্য আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (অপারেশন) ও যুগ্ম সচিব মোহাম্মৎ মমতাজ বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, খুলনা বিভাগীয় বিআরটিএর উপপরিচালক (ইঞ্জিনিয়ার) তানভির আহমেদ, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারী উভয়কেই ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তবে সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত ও শোকসন্তপ্ত পরিবারগুলোর দুর্দশা কিছুটা হলেও লাঘব করবে বলে আশা প্রকাশ করেন তারা।
এম আর এ




Comments