পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা
আহত ১২
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে। এতে নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন—রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০)।
আহত শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবার সকাল ১১টা থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রমে সরকার নিবন্ধিত পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
বিকেল ৩টার দিকে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় শ্রমিকরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেন। তবে কয়েকজন শ্রমিক বটতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ৭-৮ জন লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন আহত শ্রমিকরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধা বলেন, “ঘটনাস্থলে প্রশাসনের লোকজন ছিল। তারা যদি বলে সে মারধরে জড়িত ছিল, তাহলে সে অপরাধী। মারধরের পর ঘটনা শুনে তিনি সেখানে যান।”
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এসএ




Comments