Image description

পটুয়াখালীর দশমিনায় কবিরাজি চিকিৎসা নিতে গিয়ে মো. আরিফ মাতুব্বর (৪২) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের মোল্লা বাড়ির পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আরিফ মাতুব্বর খলিশাখালী গ্রামের মো. আলম মাতুব্বরের ছেলে। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে। তিনি দুই সন্তানের জনক।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার সন্ধ্যায় আরিফ মাতুব্বরকে কবিরাজি চিকিৎসার জন্য একই গ্রামের মোল্লা বাড়ির মো. বাবুল মোল্লার স্ত্রী নুরজাহানের কাছে নিয়ে যান স্বজনরা। পরে বৃহস্পতিবার সকালে মোল্লা বাড়ির পুকুরপাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্বজনদের দাবি, আরিফ মাতুব্বর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কবিরাজ নুরজাহান দাবি করেন, চিকিৎসার জন্য তার বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকেই আরিফ আত্মহত্যার চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার সকালে তাকে মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় তার হাতে দড়ি ছিল বলেও দাবি করেন নুরজাহান।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসএ