Image description

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায়  উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা প্রকৌশলী আসাদ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, মো. নাসির উদ্দিন, মো. শাহ আলম ও আম্বিয়া খাতুন। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিজের ভাষা ও মাতৃভাষায় পড়তে, লিখতে ও বুঝতে পারার সক্ষমতাই সাক্ষরতার মূল ভিত্তি। সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি আধুনিক, সচেতন ও বৈষম্যহীন সমাজ গঠনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বক্তারা আরও বলেন, শিক্ষার আলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। একজন মানুষকে সাক্ষরজ্ঞানসম্পন্ন করে তোলা মানে তার সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করা। তাই ঝরে পড়া শিশু, সুবিধাবঞ্চিত মানুষ ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

এসএ