বরিশালে অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী, ১ মাসে ৪ খুন ও ১২ ধর্ষণসহ নথিভুক্ত ৪৭১ অপরাধ
বরিশাল মহানগরী ও জেলায় এক মাসে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে মাদকসংক্রান্ত অপরাধ ২১৪টি। একই সময়ে চারটি খুন ও ১২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। অন্যদিকে, বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও আইন বাস্তবায়নে বরিশাল জেলায় সেপ্টেম্বর মাসে ৯৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব আদালতে ১৭৮টি মামলায় ৮ লাখ ৭৪ হাজার ১৭০ টাকা জরিমানা আদায় এবং ৯৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের পরিসংখ্যানে উল্লেখ রয়েছে।
রোববার (১১ অক্টোবর) বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব তথ্য উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার। সভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এক বছরে অপরাধ বেড়েছে ১৬০টি
পুলিশের দেওয়া সেপ্টেম্বর মাসের তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, বরিশাল মহানগর ও জেলা মিলিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে বরিশাল মহানগর এলাকায় ১৪২টি এবং জেলা পুলিশের আওতাধীন এলাকায় ৩২৯টি।
২০২৫ সালের সেপ্টেম্বরে মহানগর ও জেলায় মোট অপরাধের সংখ্যা ছিল ৩১১টি। সে হিসাবে এক বছরের ব্যবধানে নথিভুক্ত অপরাধ বেড়েছে ১৬০টি। চলতি বছরের আগস্টে মোট অপরাধের সংখ্যা ছিল ৪৬৬টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে বেড়েছে পাঁচটি।
মাদক অপরাধে উদ্বেগ
সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় মাদকসংক্রান্ত অপরাধ। মহানগর এলাকায় মাদকসংক্রান্ত ৫১টি এবং জেলা পুলিশের আওতাধীন এলাকায় ১৬৩টি ঘটনা নথিভুক্ত হয়েছে। দুই এলাকার হিসাব মিলিয়ে এ সংখ্যা ২১৪।
এ ছাড়া মহানগর এলাকায় ছয়টি চুরি, তিনটি সিঁধেল চুরি, ১৬টি নারী নির্যাতন, দুটি খুন ও পাঁচটি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। জেলা পুলিশের পরিসংখ্যানে রয়েছে ১২টি চুরি, নয়টি সিঁধেল চুরি, ২৭টি নারী নির্যাতন, দুটি খুন ও সাতটি ধর্ষণের ঘটনা।
ভ্রাম্যমাণ আদালতে ১৭৮ মামলা
জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বিভিন্ন আইনে ৯৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব আদালতে ১৭৮টি মামলা করা হয়। জরিমানা করা হয়েছে ৮ লাখ ৭৪ হাজার ১৭০ টাকা এবং কারাদণ্ড দেওয়া হয়েছে ৯৫ জনকে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়ক পরিবহন, নিরাপদ খাদ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা, ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ, ওজন ও পরিমাপ মানদণ্ড, স্থানীয় সরকার, দণ্ডবিধি, শব্দদূষণ নিয়ন্ত্রণ, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ এবং বাল্যবিবাহ নিরোধ আইনসহ বিভিন্ন আইনে এসব অভিযান পরিচালিত হয়েছে।
পরিসংখ্যানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ৯৩টি মামলার তথ্য রয়েছে। এ খাতে ৭০ হাজার ৭৮০ টাকা জরিমানা ও ৯৫ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।
এ ছাড়া সড়ক পরিবহন আইনে আট হাজার টাকা, নিরাপদ খাদ্য আইনে দুই লাখ টাকা, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানার তথ্য রয়েছে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইনেও ছয়টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩টি মামলায় এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে জোরদার পদক্ষেপ
জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো, নিয়মিত অভিযান পরিচালনা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসার সঞ্চালনায় সভায় পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার বেলাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ডিআর




Comments