Image description

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করাকে কেন্দ্র করে বিরোধের জেরে তুলসি রায় (৩৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তাঁর বন্ধু বাবু রায়ের বিরুদ্ধে। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ধুনট উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত তুলসি রায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তুলসি রায় কুঠিবাড়ি গ্রামের বাদল রায়ের ছেলে। অভিযুক্ত বাবু রায় একই গ্রামের কলা রায়ের ছেলে।

সোমবার (১৯ অক্টোবর) থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু রায়ের সঙ্গে তুলসি রায়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সেই সূত্রে বাবুর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন তুলসি। একপর্যায়ে বাবুর দুই সন্তানের জননী স্ত্রীর সঙ্গে তুলসির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় এক বছর আগে বাবুর স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে গিয়ে বিয়ে করেন তুলসি।

এ ঘটনা নিয়ে পারিবারিকভাবে কয়েক দফা বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। বাবু একাধিকবার বন্ধুর কাছে স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানালেও তাতে কাজ হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এরই জেরে রোববার রাতে কুঠিবাড়ি গ্রামের সড়কে তুলসির পেটে ছুরিকাঘাত করেন বাবু—এমন অভিযোগ উঠেছে। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে বাবু রায় ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 এনএ