ভারতের কেরালায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তামিলনাড়ুর আটজন প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কেরালার ত্রিশূর জেলার কৈপমঙ্গলম এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় এই প্রাণহানি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীরা প্রাইভেটকারযোগে গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিটিতে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি মুহূর্তেই দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরবর্তীতে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গাড়ির ভেতর আটকে পড়া দুজনকে বের করতে দমকলকর্মীদের গাড়ির একটি অংশ কেটে ফেলতে হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত আটজনই তামিলনাড়ুর ডিন্ডিগুল এলাকার একটি প্রকৌশল কলেজের শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে সাতজন দুর্ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
গাড়িটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং দুর্ঘটনার পেছনে চালকের কোনো ভুল বা যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ডিআর




Comments