Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হলেও ওএমআর মেশিনে টেকনিক্যাল সমস্যার কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনার কার্যক্রম শুরু হয়। তবে কিছু সময়ের মধ্যেই ওএমআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়। ভোট গণনার জন্য মোট ছয়টি ওএমআর মেশিন প্রস্তুত রাখা হলেও ত্রুটির কারণে গণনা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কনফারেন্স রুমে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠক শেষে ভোট গণনা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান। 

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। ৩৮ টি বিভাগ ও ১টি হলসহ ৩৯ কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ চলে। কমিশন জানায়, জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।