২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ১৪ মার্চ থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।
এর আগে ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এপ্রিল মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে কয়েক দফা পরীক্ষার প্রচলিত সূচিতে পরিবর্তন আসে।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়ের অপচয় কমাতে পরীক্ষার সময়সূচি নিয়ে নতুন করে পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করার সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছিল।
এনএ




Comments