Image description

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বই দেখে উত্তর লেখার ঘটনায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা-সংক্রান্ত সব কার্যক্রম থেকে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পরীক্ষার সময় কয়েকজন পরীক্ষার্থী বই খুলে উত্তর লিখছেন—এমন দৃশ্য দেখা যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এর পরিপ্রেক্ষিতে বাউবি কর্তৃপক্ষ নকলের সঙ্গে জড়িত চার পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করা দুই শিক্ষককে পরীক্ষা-সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও বিভাগীয় ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে পরীক্ষার অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় হামলার শিকার বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ গাংনী থানায় মামলা করেছেন। মামলায় রফিকুজ্জামান ও মনিরুজ্জামান বিপ্লবের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

বাউবির পরীক্ষাকেন্দ্রে অনিয়ম এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনএ