Image description

ডেঙ্গুতে স্ত্রীকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পারিবারিক সূত্র জানিয়েছে, রোববার (৩০ আগস্ট) বিকেল থেকে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন রুশদী। এর আগে শনিবার (২৯ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রী শিরিন সুলতানা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

স্ত্রীর মৃত্যুর পরদিনই হৃদরোগে আক্রান্ত হন রুশদী। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই দম্পতির চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

আদনান রুশদী বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার হিসেবে পরিচিত। দেশের আরও কয়েকটি ব্যান্ডের সঙ্গেও ড্রামস বাজিয়েছেন তিনি। ২০০৫-০৬ সালের দিকে ব্যান্ড চিরকুটের সঙ্গেও যুক্ত ছিলেন এই সংগীতশিল্পী।

রুশদীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার পাশে দাঁড়িয়েছে ব্যান্ড চিরকুট। নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুশদীর সঙ্গে তাদের পুরোনো সম্পর্কের কথা স্মরণ করেছে ব্যান্ডটি।

চিরকুট জানায়, রুশদী কিছুদিন তাদের ব্যান্ডে ড্রামস বাজিয়েছেন এবং ২০০৫-০৬ সালের দিকে তাদের সহযাত্রী ছিলেন। এরপরও তিনি কখনো ব্যান্ডটির শুভাকাঙ্ক্ষী হওয়া থেকে বিরত হননি।

পোস্টে আরও বলা হয়, রুশদীর স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মারা গেছেন। এর পরদিনই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রুশদী।

রুশদীর চার বছর বয়সী সন্তানের কথা উল্লেখ করে পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানিয়েছে চিরকুট। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে ব্যান্ডটি।

স্ত্রীকে হারানোর শোকের পাশাপাশি নিজের অসুস্থতা—দুই দিক থেকেই কঠিন সময় পার করছেন আদনান রুশদী ও তার পরিবার। তার দ্রুত সুস্থতার প্রত্যাশায় সংগীতাঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও দোয়া করছেন।

এসএস