অক্টোবরে ঘরের মাঠে ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ভারত। এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে পানামার বিপক্ষেও মাঠে নামবে তারা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই তিন ম্যাচ ঘিরে ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
এই ম্যাচগুলোর উত্তেজনা ছুঁয়ে গেছে ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ফুটবলার সুনিল ছেত্রিকেও। তবে এবার মাঠে নয়, দর্শক হিসেবে ব্রাজিলের বিপক্ষে ভারতকে খেলতে দেখবেন তিনি। আর এ কারণেই নিজের মধ্যে ‘একটু ঈর্ষা’ কাজ করছে বলে জানিয়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।
ভারতের হয়ে ১৫৭ ম্যাচে ৯৫ গোল করেছেন ছেত্রি। জাতীয় দলের হয়ে তিনিই সর্বোচ্চ গোলদাতা। ২০২৭ এশিয়ান কাপে ভারত জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন তিনি।
ব্রাজিল ও উরুগুয়ের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ নিজের সময়ে না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেছেন ছেত্রি। তিনি বলেন, পেশাদার ফুটবলে দীর্ঘ সময় এবং জাতীয় দলে প্রায় ২০ বছর কাটালেও এমন সুযোগ তিনি পাননি। তাই এখন দর্শক হিসেবে ম্যাচগুলো দেখতে গিয়ে তার একটু ঈর্ষা হচ্ছে।
শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া এই সুযোগ কাজে লাগাতে বর্তমান ভারতীয় খেলোয়াড়দের ফিট থাকা, লড়াইয়ের মানসিকতা ধরে রাখা এবং নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানিয়েছেন ছেত্রি।
দল নির্বাচন ও কয়েকজন খেলোয়াড়কে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন থাকলেও কোচের সিদ্ধান্তের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন তিনি। ছেত্রির মতে, দলের কী প্রয়োজন, সেটি কোচই সবচেয়ে ভালো বোঝেন। এখন তিনি একজন সাধারণ সমর্থক হিসেবেই দলকে বাইরে থেকে দেখছেন।
এদিকে আবার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মজার ছলে ছেত্রি বলেন, তিনি মাত্র ২০ মিনিট অনুশীলন করেছেন। বয়স প্রায় ৪২ হওয়ায় এখন ঠিকমতো দৌড়াতেও তার কষ্ট হয়।
এসএস




Comments