জুলাই অভ্যুত্থানে ‘বিতর্কিত ভূমিকা’ এবং আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
অভিযুক্ত তিন শিক্ষক হলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ওয়াহিদুজ্জামান চান এবং মাহবুবুর রহমান লিটু।
ট্রাইব্যুনালের কার্যক্রম চলাকালে এই তিন শিক্ষক একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে সাময়িকভাবে বরখাস্ত থাকবেন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে তাদের বিতর্কিত ভূমিকা এবং আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
এ ছাড়া জুলাই অভ্যুত্থানের বিরোধিতা করা শিক্ষক ও কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
কমিটিতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য করা হয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান ও সিনেট সদস্য ফরহাদ হালিম ডোনারকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনাল একটি অভ্যন্তরীণ ব্যবস্থা। শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ও শৃঙ্খলাভঙ্গের বিষয় তদন্ত করে প্রয়োজনীয় শাস্তির সুপারিশ করে এই ট্রাইব্যুনাল।
এসএস




Comments