চীনের বেইজিংয়ে অবস্থিত বিশ্ববিখ্যাত সিনহুয়া ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনামূল্যে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা। ‘শোয়ার্জম্যান স্কলারস’ স্কলারশিপের আওতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের যোগ্য শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১৯১১ সালে প্রতিষ্ঠিত সিনহুয়া ইউনিভার্সিটি একাডেমিক উৎকর্ষের কারণে বিশ্বজুড়ে সমাদৃত। এই বিশ্ববিদ্যালয়ের ২০টি স্কুল ও ৫৭টি বিভাগে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস, লিটারেচার, সোশ্যাল সায়েন্স ও মেডিসিনসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।
স্কলারশিপের সুযোগ-সুবিধা:
নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মকুবের পাশাপাশি বিমানে আসা-যাওয়ার খরচ পাবেন। এছাড়া মাসিক উপবৃত্তি (থাকা-খাওয়া ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য), বইপত্র কেনার ভাতা, স্বাস্থ্যবিমা এবং ভ্রমণ ভাতাও প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ১ আগস্ট ২০২৭ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে। নেতৃত্বদানের সক্ষমতা থাকার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস-এ ন্যূনতম ৭ অথবা টোফেল আইবিটি-তে ১০০ স্কোর থাকতে হবে। এছাড়া কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা প্রফিসিয়েন্সি (সি২)-তে ১৮৫ স্কোর থাকলেও আবেদন করা যাবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
আবেদনের জন্য জীবনবৃত্তান্ত (সিভি), অনলাইন আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, তিনটি রেফারেন্স লেটার, ইংরেজি দক্ষতার স্কোর কার্ড, স্টেটমেন্ট অব পারপাস এবং লিডারশিপ পারপাস প্রবন্ধ জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই স্কলারশিপের জন্য আবেদনের শেষ সময় আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬।
ডিআর




Comments