শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম বিকশিত হবে। 'লার্নিং উইথ হ্যাপিনেস' কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও মানবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
রোববার মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাইস-চ্যান্সেলর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কলেজগুলোর বাস্তব সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি জানতে এ ধরনের মতবিনিময় সভার বিশেষ গুরুত্ব রয়েছে। সংশ্লিষ্ট কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
হরগঙ্গা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভাইস-চ্যান্সেলর জানান, কলেজটির অনার্স, প্রিলিমিনারি ও মাস্টার্সসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে কাজ করছে। মতবিনিময় সভা শেষে ভাইস-চ্যান্সেলর কলেজ ক্যাম্পাসে একটি বনজ ও ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম), সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নিশাত নাহার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিআর




Comments