Image description

বাংলাদেশের সঙ্গে নানা বিষয়ে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক রাখতে আগ্রহী ভারত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে মতপার্থক্য এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর স্থগিত হওয়ার মতো বিষয়গুলো নিয়ে দুই দেশের সম্পর্কে জটিলতা থাকলেও সম্পর্ক এগিয়ে নিতে চায় নয়াদিল্লি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক মতপার্থক্যকে পাশ কাটিয়ে দুই দেশের সাধারণ মানুষের মধ্যকার সম্পর্ক ও যোগাযোগকে গুরুত্ব দিচ্ছে ভারত।

প্রতিবেদন অনুযায়ী, তারেক রহমানের পূর্বনির্ধারিত ভারত সফর স্থগিত হলেও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে দ্বিপক্ষীয় সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।

ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও জানিয়েছেন, রাজনৈতিক বিষয়গুলো নিজস্ব গতিতে চললেও দুই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্প্রতি তিনি বাংলাদেশের উপদেষ্টা জাহেদ উর রহমান ও পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে বৈঠক করেছেন।

অন্যদিকে, বাংলাদেশের বর্তমান প্রশাসনও ব্যবসা-বাণিজ্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অভিন্ন নদীর পানি বণ্টনও গুরুত্বপূর্ণ বিষয়। আগামী ডিসেম্বর ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। বাংলাদেশ জানিয়েছে, চুক্তিটি নবায়ন দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।

সূত্র: এনডিটিভি

এনএ