কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত শত্রুতার জেরে ফুফু ও ভাতিজাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ নির্মম ডাবল মার্ডারের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মঞ্জুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। তাঁরা সম্পর্কে পরস্পর ফুফু ও ভাতিজা।
নিহত টিটুর শাশুড়ি জোসনা বেগম ও স্বজন মো. শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে তাঁদের সাথে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এই শত্রুতার জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া দেশীয় অস্ত্র ও দা নিয়ে আচমকা তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে টিটু ও খালেদা আক্তারকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় ও স্বজনেরা তাঁদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দুটি মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সুরতহালসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, "আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মূলত কি কারণে এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ডিআর




Comments