সিঙ্গেল থাকা মানেই যেন জীবনের সবচেয়ে বড় অসম্পূর্ণতা—সমাজের অনেক কথাবার্তায় এমন একটা ধারণা লুকিয়ে থাকে। বিশেষ করে পরিবার, আত্মীয়স্বজন কিংবা পরিচিতদের আড্ডায় সিঙ্গেল কাউকে দেখলেই শুরু হয় একই ধরনের প্রশ্ন। কখনো কৌতূহল থেকে, কখনো মজা করে, আবার কখনো ‘ভালো চাওয়া’র নাম করে করা এসব প্রশ্ন অনেকের কাছেই বিরক্তিকর হয়ে ওঠে।
“বিয়ে করছ কবে?”—এই প্রশ্নটি যেন সিঙ্গেলদের সবচেয়ে পরিচিত প্রশ্ন। একবার-দুবার শুনলে হয়তো হাসি দিয়ে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু একই প্রশ্ন বারবার শুনতে শুনতে বিরক্তি আসাটাই স্বাভাবিক। সিঙ্গেল মানুষকে নিয়ে এমন ব্যক্তিগত প্রশ্ন ও সামাজিক চাপের অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন আলোচনা ও গবেষণাতেও বিষয়টি উঠে এসেছে।
চলুন দেখে নেওয়া যাক, সিঙ্গেলদের সবচেয়ে বেশি শুনতে হয় কোন প্রশ্নগুলো—
১. বিয়ে করছ কবে?
সিঙ্গেলদের সবচেয়ে জনপ্রিয় এবং চিরচেনা প্রশ্ন। বয়স একটু বাড়লেই যেন বিয়ের তারিখ জানানো জীবনের অপরিহার্য দায়িত্ব! অবশ্য বিয়ের মাধ্যমেই মানুষের জীবনে সফলতা আসে।
আত্মীয়ের বাড়িতে যাওয়া থেকে শুরু করে বন্ধুর বিয়ের অনুষ্ঠান—যেখানেই যান, কেউ না কেউ প্রশ্ন করবেই, “তোমার বিয়ে কবে?”
অনেক সময় এর উত্তর দেওয়ার মতো নতুন কোনো তথ্যও থাকে না। তারপরও একই প্রশ্নের উত্তর দিতে দিতে সিঙ্গেলদের।
২. এখনো সিঙ্গেল কেন?
এই প্রশ্নের মধ্যে একটা অদৃশ্য ‘সমস্যা’ খোঁজার চেষ্টা থাকে। যেন সিঙ্গেল থাকা মানেই নিশ্চয়ই কোনো কারণ আছে!
কেউ হয়তো নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, কেউ নিজের মতো সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কেউ হয়তো সঠিক মানুষের অপেক্ষায় আছেন। আবার কেউ হয়তো আপাতত সম্পর্কেই যেতে চান না।
কিন্তু এসব কারণের কোনোটিই অন্যকে বিস্তারিত ব্যাখ্যা করতেই হবে—এমন নয়।
৩. তোমার কি কোনো প্রেমিক/প্রেমিকা নেই?
এই প্রশ্নটি অনেকটা ব্যক্তিগত গোয়েন্দাগিরির মতো শোনায়। বিশেষ করে পরিবারের সামনে বা অনেক মানুষের মধ্যে এমন প্রশ্ন করা হলে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠতে পারে।
“না” বলার পরও প্রশ্ন থামে না। শুরু হয়—“কেন?”, “কাউকে পছন্দ হয়নি?”, “কেউ তোমাকে পছন্দ করে না?”
একটি ‘না’ যে সম্পূর্ণ উত্তর হতে পারে—সেটি অনেকেই মানতে চান না।
৪. কাউকে পছন্দ করো না?
সিঙ্গেল দেখলেই যেন ধরে নেওয়া হয়, নিশ্চয়ই গোপনে কারও সঙ্গে প্রেম চলছে!
একটু চুপচাপ থাকলেই—“কাউকে ভালোবাসো নাকি?”
মোবাইলে হাসতে হাসতে কথা বললে—“ওই যে, নিশ্চয়ই কেউ আছে!”
ব্যক্তিগত জীবনের স্বাভাবিক ঘটনাকেও প্রেমের সূত্র হিসেবে খুঁজে বের করার এই প্রবণতাও অনেক সিঙ্গেলের কাছে বিরক্তিকর।
৫. এত ভালো দেখতে, তবু সিঙ্গেল কেন?
প্রশ্নটি শুনতে প্রশংসার মতো হলেও এর ভেতরে অদ্ভুত একটি ধারণা আছে—দেখতে ভালো হলে অবশ্যই সম্পর্কে থাকতে হবে!
কিন্তু সম্পর্কের সঙ্গে চেহারা, পোশাক কিংবা ব্যক্তিত্বের কোনো সরল সমীকরণ নেই। একজন মানুষ সিঙ্গেল হতে পারেন তাঁর নিজের সিদ্ধান্ত, পরিস্থিতি কিংবা জীবনের অগ্রাধিকারের কারণে।
৬. তোমার সমস্যা কোথায়?
এই প্রশ্নটি সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে। কারণ এতে সরাসরি ধরে নেওয়া হয়, সিঙ্গেল থাকার পেছনে নিশ্চয়ই ব্যক্তির কোনো ‘সমস্যা’ আছে।
কেউ বেশি চুপচাপ, কেউ বেশি ব্যস্ত, কেউ হয়তো একটু খুঁতখুঁতে—এসব দিয়ে একজন মানুষের সম্পর্কের অবস্থা ব্যাখ্যা করা যায় না।
৭. তুমি কি খুব বেশি বেছে বেছে মানুষ পছন্দ করো?
একজন মানুষ নিজের জীবনে কাকে চান বা কী ধরনের সম্পর্ক চান, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু সিঙ্গেল হলেই অনেককে শুনতে হয়—“তুমি তো অনেক বেশি বাছবিচার করো!”
আসলে জীবনসঙ্গী বা সম্পর্কের ক্ষেত্রে নিজের পছন্দ ও প্রত্যাশা থাকা অস্বাভাবিক নয়। তবে সেই পছন্দ নিয়ে অন্যের জেরা অনেক সময় অস্বস্তির কারণ হয়।
৮. বয়স তো হয়ে যাচ্ছে, আর কত?
এই প্রশ্নের সঙ্গে প্রায়ই যুক্ত থাকে ভয় দেখানো বা তাড়া দেওয়ার সুর।
“সময় চলে যাচ্ছে”, “পরে আর ভালো মানুষ পাওয়া যাবে না”—এমন কথাও শোনা যায়। ফলে বিয়ে বা সম্পর্কের মতো ব্যক্তিগত সিদ্ধান্তকে অনেক সময় সামাজিক চাপের বিষয় বানিয়ে ফেলা হয়।
৯. একা একা থাকো কীভাবে?
সিঙ্গেল মানেই একা—এমন ধারণাটিও বেশ প্রচলিত। অথচ একজন সিঙ্গেল মানুষের পরিবার, বন্ধু, সহকর্মী, শখ, কাজ এবং নিজের জন্য আলাদা একটি জগৎ থাকতে পারে।
সম্পর্কে না থাকলেই যে মানুষটি একাকী, বিষয়টি এমন নয়। আবার সম্পর্কের মধ্যে থেকেও কেউ একাকিত্ব অনুভব করতে পারেন।
১০. কবে সুখবর দেবে?
এই প্রশ্নটি শুনে অনেক সিঙ্গেল মনে মনে হয়তো বলেন—“সুখবর বলতে ঠিক কী বোঝাচ্ছেন?”
বিয়ে, প্রেম কিংবা সন্তান—এসবকে সবার জীবনের একই ধরনের ‘সুখবর’ হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। প্রত্যেক মানুষের জীবনের সময়, পরিকল্পনা ও অগ্রাধিকার আলাদা।
সিঙ্গেল কাউকে প্রশ্ন করার আগে একটু ভাবা দরকার—প্রশ্নটি কি সত্যিই প্রয়োজনীয়, নাকি শুধু সামাজিক অভ্যাসের কারণে করা হচ্ছে?
কারও ব্যক্তিগত সম্পর্কের অবস্থা নিয়ে কৌতূহল থাকা স্বাভাবিক। কিন্তু সেই কৌতূহল যেন ব্যক্তিগত সীমারেখা অতিক্রম না করে। গবেষণা ও জনমতভিত্তিক আলোচনায়ও দেখা যায়, সঙ্গী খোঁজা বা বিয়ে নিয়ে সামাজিক ও পারিবারিক চাপ অনেক মানুষের অভিজ্ঞতার অংশ হলেও সবাই একইভাবে সেই চাপ অনুভব করেন না।
তাই সিঙ্গেল বন্ধুকে পরেরবার দেখলে “বিয়ে কবে?” না জিজ্ঞেস করে বরং বলতে পারেন—“কেমন আছো?”
হয়তো এই ছোট্ট প্রশ্নটিই হবে অনেক বেশি সুন্দর।
এনএ




Comments