রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান, কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেটের মোড় ঘোরার সময় কাভার্ডভ্যানটি মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কয়েকজন মোটরসাইকেল চালক কাভার্ডভ্যানটি আটকে রাখেন। এ সময় কয়েকজন চালককে মারধরও করেন। রাস্তায় রক্তাক্ত মরদেহ ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল পড়ে থাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে থাকা তেজগাঁও ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা জানান, মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে চলে যাওয়ার পর চালক দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে উদ্ধারে কোনো তৎপরতা দেখাননি। নিহতের পরিচয় শনাক্ত করতে থানা পুলিশ কাজ করছে।




Comments