মঞ্চে গান পরিবেশনের সময় শিল্পীর দিকে পানির বোতল ছুড়ে মারার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ ও অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী হাসান। ভবিষ্যতে কোনো শিল্পী যেন এমন পরিস্থিতির শিকার না হন, সেই আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টের আয়োজন করা হয়। সেখানে গান পরিবেশনের সময় দর্শকদের মধ্য থেকে ছুড়ে দেওয়া একটি পানির বোতল হাসানের মুখে এসে লাগে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।
ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হাসান লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি।’ দীর্ঘদিন ধরে বাংলা ব্যান্ড সংগীতের সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, মঞ্চে কোনো শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে—এমন ঘটনা তিনি আগে কখনো দেখেননি বা ভাবেননি।
তবে ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কথাও জানিয়েছেন এই শিল্পী। তার ভাষ্য, যে ব্যক্তি এমনটি করেছেন, হয়তো না বুঝেই কাজটি করেছেন—এমনটাই তিনি বিশ্বাস করতে চান।
ভবিষ্যতে দেশের কোনো শিল্পী যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন, সেই প্রত্যাশা জানিয়ে হাসান বলেন, কনসার্টে আসা দর্শকদের মনে রাখা উচিত, শিল্পীরা দেশের এবং সবার। তারা মানুষের জন্যই গান করেন এবং বিনিময়ে মানুষের ভালোবাসা প্রত্যাশা করেন।
শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার না করার আহ্বানও জানিয়েছেন হাসান। তিনি বলেন, একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন; তিনি আজীবনের জন্য শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই কোনো একটি আয়োজনের সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়।
সবশেষে শিল্পীদের প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে হাসান বলেন, শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
এদিকে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সংগীত ও অভিনয় অঙ্গনের বিভিন্ন তারকাসহ সাধারণ শ্রোতারাও এর প্রতিবাদ জানিয়েছেন। কনসার্টের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রিন্স মাহমুদ, মিশা সওদাগর, রবি চৌধুরী ও লুৎফর হাসানের মতো শিল্পীরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।




Comments