প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শাবনূর। রিজভী তাকে বিয়ে করেছিলেন বলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে দাবি করেন। তবে শাবনূর এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন।
শনিবার (৮ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে রিজভীর বিভিন্ন বক্তব্যের জবাব দেন শাবনূর।
শাবনূর জানান, আরজে নীরবকে দেওয়া এক সাক্ষাৎকারে রিজভী দাবি করেছেন, তিনি শাবনূরকে ভালোবাসতেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন। আবার একই সময়ে সময় টিভিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে রিজভী শাবনূরকে তার সাবেক প্রেমিকা বলে দাবি করেছেন।
শাবনূর বলেন, শুধু তাই নয়, রিজভী দাবি করেছেন ২০১৬ সালে তাদের বিয়ে হয়েছিল এবং ২০১৮ সালে বিচ্ছেদ হয়েছে। তবে অভিনেত্রীর দাবি, এ তথ্যের কোনো সত্যতা নেই।
নিজের পোস্টে শাবনূর প্রশ্ন তোলেন, রিজভী ১৯৯৯ সাল থেকে দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন বলে দাবি করেন এবং ওই সময়ে বাংলাদেশে আসেননি। অন্যদিকে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে শাবনূরও যুক্তরাজ্যে যাননি। তাহলে তাদের বিয়ে কোথায় ও কীভাবে হয়েছে—এমন প্রশ্ন রাখেন তিনি।
শাবনূর আরও দাবি করেন, রিজভীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না এবং তাকে তিনি কখনো দেখেছেন বলেও মনে করতে পারেন না।
এ ছাড়া রিজভী সালমান শাহকে ব্ল্যাকমেইল করার জন্য শাবনূরকে দায়ী করেছেন বলেও অভিযোগ করেন অভিনেত্রী। এমনকি সালমান শাহর মৃত্যুর জন্যও তাকে দায়ী করার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।
শাবনূর বলেন, সালমান শাহর মৃত্যুর পরই প্রথম রিজভীর নাম শুনেছেন তিনি, যখন ওই মামলায় রিজভী রাজসাক্ষী হয়েছিলেন। ফলে সালমান শাহকে তিনি ব্ল্যাকমেইল করতেন—রিজভী কীভাবে এবং কোন ভিত্তিতে এমন দাবি করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী।
রিজভীর এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে শাবনূর বলেন, অন্যের সঙ্গে কূটনামী করা তার স্বভাবের মধ্যে নেই। তার পরিবারও তাকে এমন শিক্ষা দেয়নি। চলচ্চিত্র অঙ্গনের কেউ কোনোদিন তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করতে পারবেন না বলেও দাবি করেন তিনি।




Comments