Image description

রাজধানীর মিরপুরের গাবতলীতে মাছবাহী ফ্রিজিং গাড়ি মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণে ইমরান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (৮ আগস্ট) রাতে গাবতলীর দীপনগর মাছের আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান একটি কোল্ড স্টোরেজের কর্মী ছিলেন।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টা ৩৪ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি দারুসসালাম থানাকে জানানো হয়েছে।

নিহত ইমরান নড়াইলের লোহাগড়া উপজেলার সারোয়ার মোল্লার ছেলে।

আহতদের মধ্যে ফারুক হোসেন (৪০) নামে একজন রয়েছেন। তিনি অবসরপ্রাপ্ত সার্জেন্ট এবং মাছের কোল্ড স্টোরেজের সিএএসডি হিসেবে কর্মরত। ফ্রিজিং গাড়িটির চালক সিদ্দিকুর রহমানও এ ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে।

উদ্ধারকারী মো. সবুজ জানান, দীপনগর এলাকায় কোল্ড স্টোরেজের সামনে মাছবাহী ফ্রিজিং গাড়িটি মেরামত করা হচ্ছিল। হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে।

তিনি জানান, বিস্ফোরণে আশপাশে থাকা বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত ইমরানসহ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত ফারুক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।