Image description

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর গণপরিবহনে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস'। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে গোলাপি রঙের এসব 'পিংক বাস’ পরিচালনা করবেন নারী চালক ও কন্ডাক্টররা।

বিআরটিসির তথ্য অনুসারে, আজ বেলা ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর আজ বিকেলে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু করবে। তবে আগামীকাল বুধবার থেকে নির্ধারিত রুটগুলোতে পুরোদমে যাত্রীসেবা প্রদান করবে এই বিশেষ সার্ভিস।

প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস দিয়ে 'মহিলা বাস সার্ভিস' চালু করা হচ্ছে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাসসহ আরও চারটি বাস এ সেবায় যুক্ত হবে। যাত্রী চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিআরটিসির।

রাজধানীর যেসব রুটে এসব বাস চলাচল করবে তার মধ্যে রয়েছে— নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর ১০-মতিঝিল, মিরপুর ১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-মতিঝিল, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস চলাচল করবে।

নতুনবাজার থেকে মতিঝিলগামী বাসটি কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে। অন্যদিকে মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুরের বাসগুলোও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সংযুক্ত করবে। ঢাকার বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে।

বিআরটিসি জানিয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। এর মাধ্যমে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে সংস্থাটি।

ডিআর