রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের দিকে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। পরে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাস্থল থেকে আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এসব তথ্য জানান।
পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মিছিলে অংশ নেওয়া আরাফাত ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
ওসি মো. দাউদ হোসেন জানান, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডিআর




Comments