Image description

তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহের নান্দাইল উপজেলাসহ কিশোরগঞ্জ ও জামালপুর জেলা সফরে আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি, সুশাসন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এবং তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর সফরসূচি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে ঢাকা থেকে সড়কপথে নান্দাইলের উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। বেলা ১১টা ৩০ মিনিটে নান্দাইলের নিজ বাসভবন ‘বাহাদুরপুর হাউজ’-এ পৌঁছানোর পর স্থানীয় মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বিকেল ৫টায় নান্দাইলের কালিগঞ্জ বাজার ব্রিজ অ্যাপ্রচ সড়ক মেরামতকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। একই দিন সন্ধ্যায় নান্দাইল উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাহাদুরপুর হাউজে স্থানীয় জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন প্রতিমন্ত্রী। দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেবেন। সেখান থেকে নান্দাইলে ফিরে সিংরইল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন তিনি। কর্মসূচি শেষে জামালপুরের উদ্দেশে রওনা হয়ে রাতে জামালপুর সার্কিট হাউজে অবস্থান করবেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সরকারি কার্যক্রম তদারকি এবং উন্নয়ন প্রকল্পের সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হবেন। তাঁর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএ