রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হয়েছেন এবং পুরো এলাকায় পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক বক্সের সামনে প্রথম কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মিনিটের ব্যবধানে পরপর ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ব্যস্ততম সড়কে এ ঘটনার পরপরই পথচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ জীবন বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকেন এবং অনেকে আশপাশের দোকান ও ভবনে আশ্রয় নেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, "থানার সামনে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে একজন রিকশাচালক আহত হয়েছেন।"
বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে ককটেলগুলো ছোড়া হতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।
এর আগে সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
ডিআর




Comments