Image description

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে জুমার নামাজের আগে একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে অন্তত ১৫ জন পুলিশ সদস্য রয়েছেন। এই ভয়াবহ হামলায় আহত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তান সীমান্তসংলগ্ন কোহাটের একটি পুলিশ সদর দপ্তরের ভেতরের মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য মুসল্লিরা জড়ো হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলাকারী মসজিদের প্রবেশপথে সজোরে ধাক্কা দিলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পরপরই একদল সশস্ত্র বন্দুকধারী পুলিশ চত্বরে ঢোকার চেষ্টা চালালে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তীব্র গুলিবিনিময় হয়। খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ নিশ্চিত করেছেন যে, এটি একটি পরিকল্পিত আত্মঘাতী হামলা ছিল।

জরুরি উদ্ধার কর্মকর্তা বিলাল ফাইজি জানান, হতাহতদের অধিকাংশই জুমার নামাজ আদায় করতে আসা সাধারণ মুসল্লি ও পুলিশ সদস্য। অন্যদিকে, স্থানান্তর কেন্দ্র থেকে চিকিৎসা কর্মকর্তা ড. তাহির শাহ জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার না করলেও আফগান সীমান্তবর্তী এই এলাকায় টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) এবং আইএসআইএল (আইএসআইএস)-এর আঞ্চলিক সহযোগীরা সক্রিয় রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে এ ধরনের হামলা চালিয়ে আসছে। 

সূত্র: আল-জাজিরা

ডিআর