রাজধানীর পল্লবী থানাধীন সিরামিক রোড সংলগ্ন সরকারি কলেজের পাশে পার্কিং করা অবস্থায় ‘পরিস্থান পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে বৃষ্টির চলাকালীন আনুমানিক সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সিরামিক রোডে পার্কিংয়ে থাকা পরিস্থান পরিবহনের বাসটিতে (ঢাকা মেট্রো ব-১১-৮৭০ ৩) হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং গাড়িটি পুড়ে যায়।
এ বিষয়ে মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, "পার্কিং করা অবস্থায় বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, সে বিষয়ে অনুসন্ধানের কাজ চলছে।"
বাসটির মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, "সকাল সাড়ে সাতটার দিকে আমার সাবেক এক চালক মুঠোফোনে বাসটিতে আগুন লাগার সংবাদ দেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আমার গাড়িটি পুরোটাই আগুনে ভস্মীভূত হয়ে গেছে।"
এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানান ক্ষতিগ্রস্ত বাসমালিক। তবে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
ডিআর




Comments