Image description

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা ইতোমধ্যে নিজেদের জড়িত থাকার অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "কুমিল্লার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সারা দেশের মানুষ এতে গভীরভাবে মর্মাহত। ১৩ বছরের এক অপ্রাপ্তবয়স্ক শিশু নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ তৎপর থেকে মরদেহ উদ্ধারের মাত্র ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন প্রধান আসামিসহ সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পূর্বে ৩ জন এবং আজ আরও ১ জনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।"

হত্যাকাণ্ডের প্রধান উৎস আইফোন উদ্ধারের বিষয়ে তিনি বলেন, "যে মোবাইল ফোনটিকে কেন্দ্র করে এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে, সেই আইফোনটি প্রধান অভিযুক্ত তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সমস্ত আলামত ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং আসামিরা অপরাধ স্বীকার করেছে। এখন পুলিশ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছে।"

গ্রেপ্তারকৃতদের বয়স ও কিশোর গ্যাং চক্রের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রাথমিক তথ্যমতে দুজনের বয়স ১৮ বছরের বেশি হতে পারে এবং একজনের বয়স কম হতে পারে; তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই-বাছাই করা হচ্ছে। তারা মূলত একটি কিশোর অপরাধ চক্রের সদস্য। নিহত অপ্রতিমের সঙ্গে তাদের ওঠাবসা ও আড্ডা ছিল, যদিও বয়সে তারা অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছরের বড়।"

বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, "আমরা আশা করি, সাম্প্রতিক রামিসা হত্যার বিচারের মতো এই নির্মম হত্যাকাণ্ডের বিচারও সংক্ষিপ্ততম সময়ে সম্পন্ন করা সম্ভব হবে। বিচার করবেন আদালত, তবে আইনশৃঙ্খলা বাহিনী সময়মতো নিখুঁত চার্জশিট দাখিল করে বিচার বিভাগকে সব ধরনের আইনি সহায়তা দেবে।"

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে কুমিল্লা কোটবাড়ির নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে ছবি তোলার কথা বলে বের হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। পরবর্তীতে আর ঘরে না ফেরায় তার বাবা সদর দক্ষিণ থানায় জিডি করেন। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের পাশের এক নির্জন পাহাড়ি এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডিআর