Image description

রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন চিহ্নিত মাদকের আস্তানায় ঝটিকা অভিযান চালিয়ে কয়েকজন মাদক বিক্রেতাকে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযান চলাকালে প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র (পিস্তল) দৃশ্যমান হওয়াকে কেন্দ্র করে নানামুখী আলোচনার সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত দুটি ভিডিও প্রতিমন্ত্রী তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন।

প্রতিমন্ত্রীর ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও দুটিতে বলা হয়, গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকার কুখ্যাত মাদক আস্তানা গুঁড়িয়ে দিয়ে মাদক কারবারিদের হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। একটি ভিডিওতে আটককৃত বেশ কয়েকজনকে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে প্রতিমন্ত্রীর হাতে একটি পিস্তল দৃশ্যমান ছিল। ভিডিওতে অস্ত্রের কিছু অংশ ঝাপসা (ব্লার) করে দেওয়া থাকলেও সেটি কী ধরনের অস্ত্র বা কোনো লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযানকালে তাঁর হাতে অস্ত্র থাকার কারণ কিংবা এর কোনো ব্যবহার হয়েছে কি না, সে বিষয়েও ভিডিও থেকে স্পষ্ট কোনো তথ্য মেলেনি।

অস্ত্র প্রদর্শনের বিষয়ে বক্তব্য জানতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে গত ৬ অক্টোবর ঢাকা-৬ আসনের আওতাধীন বিভিন্ন পয়েন্টে সমন্বিত মাদকবিরোধী তৎপরতা চালান ইশরাক হোসেন। ওই সময় গেন্ডারিয়া, মুন্সিরটেক ও ঘুন্টিঘরসহ সংলগ্ন এলাকায় মাদক সিন্ডিকেটের মূল উপড়ে ফেলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ নজরদারি করার জোর আহ্বান জানিয়েছিলেন তিনি।

ডিআর