প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী
২০ অক্টোবরের সমাবেশ ঘিরে সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা প্রস্তুতি
সড়ক বিভাজকে রঙের প্রলেপ, স্থাপনায় নতুন সাজ, সড়ক সংস্কার ও পরিচ্ছন্নতার কর্মযজ্ঞ—প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতির ব্যস্ততায় বদলে যাচ্ছে রাজশাহী নগরীর চিত্র। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক থেকে বিমান চত্বর, সর্বত্রই চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর সফর ও সমাবেশ সামনে রেখে নগর সাজানোর পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক সংগঠনগুলো। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরজুড়ে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা; একই সঙ্গে উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে নতুন প্রত্যাশাও দেখছেন স্থানীয়রা।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরীর বিমান চত্বর এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়ক বিভাজক ও বিভিন্ন স্থাপনায় রং করছেন শ্রমিকরা। পরিচ্ছন্নতাকর্মীরা পরিষ্কার করছেন সড়ক ও আশপাশের এলাকা। কোথাও চলছে সংস্কার, কোথাও সৌন্দর্যবর্ধনের কাজ। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি শেষ করতে ব্যস্ত সংশ্লিষ্ট কর্মীরা।
রংমিস্ত্রি আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আসবেন। তাঁকে স্বাগত জানাতে নগরীকে রাঙিয়ে তুলতে কাজ করছেন তাঁরা। প্রধানমন্ত্রী এসে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী দেখবেন—এটাই তাঁদের প্রত্যাশা।
ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশের প্রস্তুতি
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে এটিই রাজশাহীতে প্রথম সফর। এটি তাঁদের জন্য আনন্দ, আবেগ ও গৌরবের বিষয়। তাঁকে স্বাগত জানাতে রাজশাহীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তাঁর এই সফর রাজশাহীর ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে তাঁরা আশা করছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীতে ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নগরীর সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও জোরদার করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বিপুল জনসমাগম ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে রাজশাজীবাসীর ভালোবাসা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চান তাঁরা।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন তাঁদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগরীর মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে চান তাঁরা। তাঁর এই সফরের মধ্য দিয়ে রাজশাহীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তাঁরা আশাবাদী।
নগর সাজাতে রাসিকের বিশেষ উদ্যোগ
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীতে আগমন নগরবাসীর জন্য আবেগ ও অনুভূতির বিষয়। তাঁকে একনজর দেখতে রাজশালীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার করা হয়েছে। সড়ক বিভাজকের আইল্যান্ডে রং করা, প্রয়োজনীয় সড়ক সংস্কার এবং পরিবেশ উন্নয়নের কাজ চলছে।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ বলেন, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে রাজশালীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন অসংখ্য মানুষ। তাঁদের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার পথ তৈরি হবে। সফর ঘিরে নগরীতে সাজসজ্জা, পরিচ্ছন্নতা ও সাংগঠনিক প্রস্তুতি চলছে।
নিরাপত্তায় সতর্ক পুলিশ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থান, সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। সফরকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে এখন সাজসজ্জা, পরিচ্ছন্নতা, সাংগঠনিক তৎপরতা ও নিরাপত্তা প্রস্তুতির ব্যস্ততা। তবে নগরীর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে স্থানীয়দের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সফরে সেসব বিষয়ে কী বার্তা আসে, সেদিকেও থাকবে রাজশাহীবাসীর নজর। এখন অপেক্ষা ২০ অক্টোবরের।
এসএ




Comments