রাজধানীর বাড্ডার নতুনবাজার এলাকার কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বৈশাখী পরিবহনের একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কোকাকোলা গেটের বিপরীত পাশের রাস্তায় বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায়। তবে সৌভাগ্যবশত সে সময় বাসটিতে কোনো যাত্রী অবস্থান করছিলেন না।
বাসে হঠাৎ আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণে ব্যস্ত ওই সড়কের এক পাশ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে বাসটিতে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
ডিআর




Comments