Image description

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য পবিত্র ওমরাহ পালন করা আজীবন লালিত একটি গভীর আধ্যাত্মিক আকাঙ্ক্ষা। তবে অনেক সময় আর্থিক সীমাবদ্ধতা বা আনুষঙ্গিক উচ্চ খরচের কারণে সাধারণ মানুষের পক্ষে ওমরাহ পালন করা সম্ভব হয়ে ওঠে না। এই স্বপ্ন পূরণে বিশ্ববাসীর জন্য এক অভাবনীয় সুযোগ নিয়ে এসেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ (Nusuk) অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হচ্ছে।

১ নভেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ প্রতিযোগিতাটি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে ‘নুসুক’ অ্যাপের বিশেষ কুইজে অংশ নিয়ে লটারির মাধ্যমে বিজয়ী হয়ে যে কেউ জিতে নিতে পারেন ফ্রি ওমরাহ প্যাকেজ।

ফ্রি ওমরাহ প্যাকেজে যা যা থাকছে
সৌদি সরকারের অর্থায়নে বিজয়ী সৌভাগ্যবানদের জন্য আকর্ষণীয় এই প্যাকেজে থাকছে নানাবিধ সুযোগ-সুবিধা:

বিমান টিকিট: নিজ দেশ থেকে সৌদি আরব যাওয়া-আসার সম্পূর্ণ ফ্রি বিমান টিকিট।

ভিসা প্রসেসিং: ওমরাহ ভিসার ফি ও সরকারি যাবতীয় প্রক্রিয়া বিনামূল্যে সম্পন্ন করা হবে।

আবাসন সুবিধা: পবিত্র মক্কা ও মদিনায় ১০ রাত্রি যাপনের জন্য উন্নত মানের হোটেল খরচ ও আবাসন ব্যবস্থা।

সহযাত্রীর সুযোগ: এবারের ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ হলো—প্রতিদিনের বিজয়ী নিজের সঙ্গে পরিবার বা পছন্দের অপর একজনকে সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন।

জমজমের পানির উপহার: এ ছাড়া প্রতিদিনের লটারিতে বিজয়ী আরও ১০ জন পাবেন জমজমের পানির ২০টি করে বিশেষ কার্ড (১০টি নিজের জন্য এবং ১০টি অন্যদের উপহার দেওয়ার জন্য)।

যেভাবে ‘নুসুক’ অ্যাপের কুইজ প্রতিযোগিতায় অংশ নেবেন
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ১৮ বছর বা তার বেশি বয়সি মুসলিম নাগরিকরা এই লটারিতে অংশ নিতে পারবেন। অত্যন্ত সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে আবেদন করা সম্ভব:

অ্যাপ ডাউনলোড: প্রথমে স্মার্টফোনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল Nusuk অ্যাপটি ডাউনলোড করতে হবে।

অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন: অ্যাপে প্রবেশ করে নিজের নাম, ই-মেইল, দেশের নাম এবং বৈধ পাসপোর্ট নম্বর দিয়ে সাইন-আপ করতে হবে। এরপর ই-মেইলে আসা ওটিপি (OTP) কোড দিয়ে অ্যাকাউন্ট ভ্যারিফাই করতে হবে।

চ্যালেঞ্জ সেকশনে প্রবেশ: অ্যাপের মেনু থেকে ‘Game Center’ বা ‘Nusuk Challenge’ অপশনে যেতে হবে।

দৈনিক কুইজের উত্তর: সেখানে পবিত্র কোরআন, নবীজির সিরাত, ওমরাহর নিয়মকানুন বা ইসলামিক ইতিহাসের ওপর বিভিন্ন ক্যাটাগরি থেকে প্রশ্ন করা হয়। একটি বিষয় বেছে নিয়ে ডিজিটাল চাবি সংগ্রহ করতে হবে এবং এমসিকিউ (MCQ) প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলেই নাম স্বয়ংক্রিয়ভাবে দৈনিক লটারির (Raffle Draw) তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে।

জেতার সম্ভাবনা বৃদ্ধি: নিজের ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু বা পরিবারকে অ্যাপে আমন্ত্রণ জানালে অতিরিক্ত চাবি পাওয়া যায়, যা লটারিতে জেতার সুযোগ আরও বাড়িয়ে দেয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অবশ্যই নুসুক-এর অফিশিয়াল অ্যাপ বা ভেরিফাইড মাধ্যম ব্যবহার করতে হবে। প্রতারণা এড়াতে অননুমোদিত কোনো থার্ড-পার্টি লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিআর