Image description

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি পোস্ট করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে সংঘটিত এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম জানান, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন তারেক রহমান ও রুমিন ফারহানাকে নিয়ে একটি বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করেন। এ নিয়ে বৃহস্পতিবার বিকেল থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

শুক্রবার সকালে বিএনপির নেতাকর্মীরা মাওলানা ইলিয়াসকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে জামায়াতের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল মিজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নেছার আহম্মেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল কুদ্দুস, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি কামালসহ প্রায় ১০ জন গুরুতর আহত হন। এদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোজাম্মেল হোসেন পরান এই ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে বলেন, "আমি বিষয়টি নিজে দেখছি। যা হয়েছে, এজন্য ক্ষমা চাওয়া হয়েছে। তারপরও হামলা করাটা দুঃখজনক।"

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "আমাদের নেতা তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার ছবিকে বিকৃত করে মাওলানা ইলিয়াস ফেসবুকে পোস্ট করেন। এ বিষয়ে আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ জানালে জামায়াতের নেতাকর্মীরা হামলা করে।"

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।