দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে ফ্যাসিস্ট সরকার: আবু সুফিয়ান
দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।
তিনি বলেন, এ অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে এবং অর্থনৈতিকভাবে সচল করতে হলে ধানের শীষকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষ উন্নয়নের গল্প অনেক শুনেছে, এবার তারা বাস্তব উন্নয়ন চায়। বিএনপিই একমাত্র দল যারা দেশ পরিচালনা করে দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রেখেছে। যারা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে।
নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবু সুফিয়ান বলেন, আগামীতেও ক্ষমতায় এলে জনগণের সমস্যা ও কষ্ট লাঘবে বিএনপি বদ্ধপরিকর। আমরা শুধু মানুষের ভোটের অধিকার নয়, তাদের ভাতের অধিকারও নিশ্চিত করতে চাই। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশকে একটি কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে চাই।
এসময় ভোটারদের উদ্দেশে আবু সুফিয়ান বলেন, আমি আপনাদের ভাই, আপনাদেরই সন্তান। আপনাদের কাছে আহ্বান, আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। নির্বাচিত হলে আপনাদের সঙ্গে মিলেমিশে এই এলাকার উন্নয়ন করব এবং বাকলিয়ার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখব। বাকলিয়া একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এ এলাকায় জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, সরু রাস্তাঘাট, বিশুদ্ধ পানির অভাব, মাদকসহ নানাবিধ সমস্যা রয়েছে। বিএনপি সরকার গঠন করলে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ সংস্কার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বেকারত্ব দূরীকরণ এবং মাদক সমস্যা সমাধানকে অগ্রাধিকারে রাখা হবে।




Comments