চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ ইমরুল কায়েস (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে দোহাজারী পৌরসভার খানবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমরুল কায়েস দোহাজারী পৌরসভার খানবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত সেনাবাহিনীর ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল দোহাজারী পৌরসভায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ইমরুল কায়েসের হেফাজত থেকে একটি ওয়ান শ্যুটারগান এবং একটি এলজি (দেশীয় বন্দুক) উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর হাতে আটক ইমরুল কায়েসকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
জনমনে স্বস্তি ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মানবকণ্ঠ/ডিআর




Comments