রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, “ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীসহ অসংখ্য নেতাকর্মীকে শহীদ করে জালিমরা প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশ থেকে ছাত্রশিবির ও ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু তারা জানে না আমরা আল্লাহ ও রাসুলের সেনানি। শত নির্যাতনেও আমরা থামিনি এবং কখনো থামব না। আমাদের যাত্রা দুনিয়ার কোনো গন্তব্য নয়, বরং জান্নাত পর্যন্ত।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী শহর শাখা আয়োজিত বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাকসু ভিপি আরও বলেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবির ও ইনসাফের পক্ষে তাদের রায় দিয়ে প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের। ছাত্রসমাজ আজ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর।”
নীলফামারী শহর শিবিরের সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি সেলিম উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ। এছাড়াও বক্তব্য রাখেন শিবিরের সাবেক জেলা সভাপতি আহমাদ রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের আল হেলাল একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে শিবিরের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments