Image description

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের একটি কেন্দ্রে রাতেই জালভোট দেওয়ার অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক।

ঘটনাটি ঘটেছে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে জামায়াতের নেতৃবৃন্দসহ কয়েকজন কেন্দ্রের ভিতরে প্রবেশ করেন। তখন কেন্দ্রের পাশে অবস্থান করা বিএনপি নেতাকর্মীরা তাদের ঘেরাও করেন।

স্থানীয় সহকারী রিটার্নিং অফিসার ও বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। ঘটনার বিস্তারিত এখনো যাচাই করা হচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রিসাইডিং অফিসারের কার্যালয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বিএনপি প্রার্থী আব্দুল মালিক অভিযোগ করেছেন, “রাত ১১টায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসারসহ জালভোট দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটি একেবারেই গ্রহণযোগ্য নয় এবং আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।”

অন্যদিকে, ১১-দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু বলেন, “এটি একটি পরিকল্পিত ঘটনা। আমাদের ভাইদেরকে কেন্দ্রের এজেন্ট কার্ড দেওয়ার কথা বলে ডাকানো হয়েছিল। সিগনেচার নেওয়ার সময় তাদেরকে জালভোটের মিথ্যা অভিযোগ দিয়ে হেনস্থা করা হয়েছে। পুলিশের গতিবিধি সন্দেহজনক, তবে সেনা ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিসিটিভি ফুটেজ যাচাই করা হবে।”

মানবকণ্ঠ/আরআই