Image description

শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। সকাল ১০টার কিছু আগে পোলিং এজেন্টের বাইরের কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে ঢুকে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি ছিল জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই।

তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই পরে উদ্ধার করা হয়েছে। ওই বইটিতে ধানের শীষ প্রতীকে কিছু সিল মারা ছিল। তবে একটি সংসদ নির্বাচনের ব্যালট বই এবং গণভোটের একটি ব্যালট বই এখনো উদ্ধার করা যায়নি। ঘটনার পরপরই প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। তবে শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টার আগেই ভোটারদের কেন্দ্রে এসে লাইনে দাঁড়াতে দেখা যায়। যদিও সকালবেলায় উপস্থিতি তুলনামূলক কম ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ১৪৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

মানবকণ্ঠ/আরআই