Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের কর্ণফুলী উপজেলার কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারদের দীর্ঘ সারি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

কর্ণফুলী উপজেলার ৫টি ইউনিয়নের ৪৪টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ২৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৮৯০ জন এবং নারী ভোটার ৬৩ হাজার ৩৫৫ জন। এছাড়া ৮১৮ জন পোস্টাল ভোটার রয়েছেন। ভোটার তালিকায় পুরুষ সংখ্যায় বেশি হলেও বাস্তব চিত্রে কেন্দ্রগুলোতে নারীদের আধিক্য দেখা গেছে।

সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট শুরুর অনেক আগে থেকেই সাধারণ ভোটাররা কেন্দ্রে এসে উপস্থিত হন। বিশেষ করে উত্তর শিকলবাহা আহসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রগুলোতে বিএনপি, জামায়াত এবং ইসলামি ফ্রন্টের এজেন্টদের উপস্থিত থাকতে দেখা গেছে।

উত্তর শিকলবাহা আহসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এফ এম নিজাজুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমরা নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি।’

জাতীয় সংসদের ২৯০ নম্বর এই আসনটি আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়ন এবং কর্ণফুলী উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। চট্টগ্রাম শহরের প্রবেশমুখ হওয়ায় এবং বাণিজ্যিক গুরুত্বের কারণে রাজনৈতিক দলগুলোর কাছে চট্টগ্রাম-১৩ আসনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত।

সার্বিক পর্যবেক্ষণে দেখা গেছে, প্রশাসনের কঠোর নজরদারি ও উৎসবমুখর পরিবেশে কর্ণফুলী এলাকার সাধারণ মানুষ তাদের নতুন প্রতিনিধি নির্বাচনে অংশ নিচ্ছেন।

মানবকণ্ঠ/ডিআর