ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই গরুহাটা বাজার এলাকায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় সোহেল (৩০) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা রুজু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চুরখাই গরুহাটা বাজার সংলগ্ন ভুট্রোর পান দোকানের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে ৭-৮ জন বিবাদী মিলে সোহেলকে এলোপাথাড়ি মারপিট করে এবং ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহত সোহেলের পরিচয় নিশ্চিত করা হয়েছে, তিনি কোতোয়ালী থানাধীন ভাবখালী ইউনিয়নের চুরখাই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। ঘটনার পরদিন ১৪ ফেব্রুয়ারি কোতোয়ালী মডেল থানায় দণ্ডবিধির ১৪৪/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারায় মামলা নং-২০ রুজু করা হয়েছে।
পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন; চুরখাই ব্র্যাক অফিস সংলগ্ন এলাকার তোতা মিয়ার ছেলে রেজাউল করিম লিটন (৪৮), রেজাউল করিম লিটনের স্ত্রী মোছাঃ রাশিদা বেগম (৪০), পনঘাগড়া এলাকার নুরুল ইসলামের ছেলে শিমুল ইসলাম (১৭) এবং বন্দমদল এলাকার সোহাগ আহম্মেদের ছেলে সাজিদুল ইসলাম লিখন (১৭)।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




Comments