Image description

উন্নত জীবন ও লোভনীয় চাকরির ফাঁদে ফেলে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানবপাচার চক্রের ৫ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ডের সদর দপ্তরের গণমাধ্যম শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে বিপুলসংখ্যক মানুষ টেকনাফের বাহারছড়া এলাকায় জড়ো হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ডের তিনটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সাগরে একটি সন্দেহজনক ট্রলার দেখতে পেয়ে টহল দল সেটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু সংকেত অমান্য করে ট্রলারটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ট্রলারটির গতিরোধ করতে সক্ষম হন। এরপর ট্রলারে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয় এবং পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়।

উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বেশ কিছুদিন ধরে অল্প খরচে বিদেশযাত্রা, উচ্চ বেতনে চাকরি এবং বিদেশে উন্নত জীবনযাপনের মিথ্যা প্রলোভন দেখিয়ে আসছিল। এই ফাঁদে ফেলেই তারা বাংলাদেশি ও রোহিঙ্গাদের অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল।

আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মানবকণ্ঠ/আরআই