চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পার্কিং করে রাখা ‘জৈনপুরী এক্সপ্রেস’-এর তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় বাসগুলোতে কোনো যাত্রী, চালক বা সহকারী না থাকায় সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী ওই বাসগুলো রাতের বেলা মুন্সীরহাট বাজার এলাকায় সারিবদ্ধভাবে দাঁড় করানো ছিল। হঠাৎ করেই এর মধ্যে একটি বাসে আগুন ধরে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের আরও দুটি বাসে ছড়িয়ে পড়ে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং অপর দুটি বাস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রায় ৩০ মিনিটের আপ্রাণ চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন জানান, "সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে জৈনপুরী এক্সপ্রেসের একটি বাস সম্পূর্ণ এবং অপর দুটি আংশিক পুড়ে গেছে।"
তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা ফায়ার সার্ভিসের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই কর্মকর্তা।
মানবকণ্ঠ/আরআই




Comments