Image description

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে পটুয়াখালীতে সক্রিয় হয়ে ওঠা ছিনতাইকারী ও ব্যাগ কাটা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে শহরের ব্যাংকপাড়া এলাকায় ওত পেতে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।

পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় বাড়ার সুযোগে একটি চক্র গ্রাহকদের ব্যাগ কেটে টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল। মঙ্গলবার সকালে চার সদস্যের একটি চক্র শহরের প্রধান ব্যাংকগুলোর সামনে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে দায়িত্বরত পুলিশ সদস্যরা সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে তাদের শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও একজন কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাট জেলার রবি (৫০), খুলনা জেলার ঝন্টু (৪৮) এবং একই জেলার দেলোয়ার হোসেন (৬০)।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঈদ উপলক্ষে ব্যাংক এলাকায় পুলিশের বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় বড় কোনো অঘটন ঘটানোর আগেই তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। পালিয়ে যাওয়া সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি ঈদ ও কোরবানির সময় এ ধরনের অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠে। তাই গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে তারা প্রশাসনের পাশাপাশি নিজস্ব নজরদারিও বৃদ্ধি করেছেন।

মানবকণ্ঠ/ডিআর