গাজীপুরে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
গাজীপুর মহানগরীর পূবাইলে কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে পূবাইল বাজার (ফাটপাড়) এলাকার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. সজিব মিয়া (৪০), তিনি গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল মৃধাবাড়ি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে এবং মো. শেখ হাবিব (বাপ্পি) (৩৫), একই ওয়ার্ডের সাতানি পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি কন্টেইনারবাহী ট্রেন লেভেল ক্রসিং অতিক্রম করার সময় মোটরসাইকেলটি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় দুজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে করমতলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার মুসা মানবকন্ঠকে জানান, রাত ৯টার দিকে ট্রেনটি পূবাইল স্টেশন ত্যাগ করে। সে সময় গেট নামানো ছিল। গেটকিপার মোটরসাইকেল আরোহীদের ক্রসিং অতিক্রম করতে নিষেধ করলেও তারা নির্দেশনা অমান্য করে সামনে এগিয়ে যান। এতে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রেলক্রসিংয়ের একটি গেট নষ্ট অবস্থায় রয়েছে এবং সেটি সব সময় খোলা থাকে। অপর গেটটি সচল থাকলেও একপাশে ফাঁকা থাকায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়। তারা রেলওয়ে কর্তৃপক্ষ ও গেটকিপারের দায়িত্বে অবহেলাকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশ তদন্তের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।




Comments