হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় পাচারের সময় প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার চশমা জব্দ করেছে ৫৫ বিজিবি। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে উপজেলার নোয়াহাটি এলাকায় একটি বালুভর্তি ট্রাক থেকে এসব চোরাই পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় অবস্থান নেয়।
ভোর আনুমানিক ৪টার দিকে একটি বালুভর্তি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে দেখা যায়, উপরে বালু থাকলেও তার নিচে সুকৌশলে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং বিভিন্ন উন্নতমানের চশমা লুকিয়ে রাখা হয়েছে। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) ১ কোটি ৫৫ লাখ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি আমরা সীমান্তবাসীর সহযোগিতা ও সামাজিক সচেতনতা কামনা করছি।”
মানবকণ্ঠ/ডিআর




Comments