Image description

যশোরের বেনাপোল স্থলবন্দরে বেকিং পাউডার ঘোষণার আড়ালে আনা প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বন্দরের ৩৭ নম্বর শেড থেকে এই বিশাল চালানটি আটক করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান ‘সাফা ইমপেক্স’ ভারত থেকে ১৩০ বস্তা বেকিং পাউডার আমদানির ঘোষণা দিয়ে একটি ভারতীয় ট্রাকে (ডব্লিউবি-১৫বি-৮৫৯৩) করে পণ্যটি বন্দরে নিয়ে আসে। এই চালানটি ছাড়করণের দায়িত্বে ছিল আলোচিত ও বিতর্কিত সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স হুদা ইন্টারন্যাশনাল।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও কাস্টমস তল্লাশি চালিয়ে ১০৮টি প্যাকেজ থেকে ৬ হাজার ৫৩০ পিস উন্নতমানের শাড়ি, ৫৮৮ পিস থ্রি-পিস, ৩০০ পিস টু-পিস, ২৬০ কেজি বেবি ওয়্যার, ৫২০ পিস ওড়না, ৫০৯ কেজি ফেসওয়াশ, ৬৫ কেজি বডি লোশনসহ বিভিন্ন প্রসাধনী ও জর্দা তৈরির কেমিক্যাল উদ্ধার করে।

অনুসন্ধানে দেখা গেছে, নথিপত্রে ১৩০ বস্তা বেকিং পাউডারের কথা উল্লেখ থাকলেও ট্রাকে পাওয়া গেছে ১০৮ বস্তা পণ্য। বাকি ২২ বস্তা মালামাল বন্দর থেকে গায়েব বা সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা বন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২২ অক্টোবর এই একই সিঅ্যান্ডএফ এজেন্ট ‘হুদা ইন্টারন্যাশনাল’ ১০ লাখ ৮০ হাজার পিস জিলেট ব্লেডসহ অতিরিক্ত পণ্য এনে ধরা পড়েছিল। অভিযোগ রয়েছে, কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তার সাথে সখ্যতা গড়ে এই চক্রটি দীর্ঘদিন ধরে বড় ধরনের শুল্ক ফাঁকি দিয়ে আসছে। গোয়েন্দা তথ্য মতে, বেনাপোল বন্দরে এমন অনিয়মের কারণেই চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৬৫০ কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন, নামমাত্র জরিমানা না করে এই চক্রের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা উচিত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গুরুত্বের সাথে তদন্ত করলে এমন আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে তারা মনে করেন।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, মিথ্যা ঘোষণায় আনা এই বিশাল পণ্য চালানটি জব্দ করা হয়েছে। আমদানিকারক সাফা ইমপেক্স ও সিঅ্যান্ডএফ এজেন্ট হুদা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর